ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মিছিল থেকে গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রীসহ তিনজন রিমান্ডে

রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকায় মিছিল করায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোছা. লাবনী চৌধুরীসহ তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড প্রাপ্ত অপর দুজন হলেন, মিছিলে অংশ নেয়া মো. রাজু আহমেদ ও মো. সিরাজুল ইসলাম। 


শনিবার (২২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 


এর আগে গতকাল (২১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী ও সমর্থকদের একটি মিছিল বের হলে স্থানীয়রা ধাওয়া করে তিন জনকে আটক করে পুলিশে দেয়। পরে গতকাল ৭ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান। 


মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানারে ‘শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও প্রহসনের বিচার মানি না, মানবো না’ বলে বিভিন্ন স্লোগান দেয়। এছাড়াও আরও উস্কানিমূলক স্লোগান দিয়ে আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে। তারা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে সন্ত্রাস বিরোধী আইনে অপরাধ করেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑